।।নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশান-বনানী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপক আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম ও প্রভাব ব্যবহার করে লিটন- আলমগীর নামের একটি চক্র দীর্ঘদিন ধরে মার্কেট, ফুটপাত, পিকআপ স্ট্যান্ড, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, গুলশান-১-এর ডিসিসি মার্কেটকে কেন্দ্র করে চাঁদাবাজির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে লিটন মিয়া এবং আলমগীর হোসেন গ্রুপ। “চাঁদাবাজদের মূলত কোনো দল নেই”—এমন মন্তব্য করে সূত্রটি জানায়, সময় ও পরিস্থিতি অনুযায়ী তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে যারা চাঁদাবাজিতে সক্রিয় ছিল, তাদের একটি অংশ এখনও ক্ষমতাসীন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গুলশান ও বনানী এলাকায় মার্কেট, ফুটপাত, দৈনিক ও মাসিক ভিত্তিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করা হচ্ছে। লেগুনা স্ট্যান্ডগুলোও এসব চাঁদাবাজের কবল থেকে মুক্ত নয় বলে দাবি সংশ্লিষ্টদের।
গুলশান-১ ও গুলশান-২ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও রয়েছে।
এ ছাড়া গুলশান-বনানী এলাকার বিভিন্ন স্পা সেন্টার থেকেও মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।গুলশান ০১ এর
ডিসিসি মার্কেট ঘিরে অসংখ্য অভিযোগ উঠেছে।
সূত্রের দাবি, গুলশান-১-এর ডিসিসি মার্কেটকে কেন্দ্র করে চাঁদাবাজির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে লিটন- আলমগীর ও দীন মোহাম্মদ চক্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে উল্লিখিত অভিযোগে লিটন ও আলমগীর হোসেনের নাম এসেছে। তাদের বিরুদ্ধে মার্কেটকেন্দ্রিক চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে দীন মোহাম্মদ নামের এক আওয়ামী লীগ নেতার নেপথ্য ভূমিকার অভিযোগও রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রকাশ্যে বিভিন্ন ব্যক্তি সক্রিয় থাকলেও নেপথ্যে রাজনৈতিক প্রভাবশালীদের একটি অংশ এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। এমনকি চাঁদার একটি অংশ বিদেশে চলে যাওয়ার অভিযোগও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যে উঠে এসেছে।
ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ
চাঁদাবাজির অভিযোগে গুলশান-১-এর ডিসিসি মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে নানা কারণে অনেক ব্যবসায়ী প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না বলে সূত্রের দাবি।
ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে একটি চক্র মার্কেটের ওপর প্রভাব বিস্তার করে আসছে। তারা এসব কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পতিত আওয়ামী লীগ সরকারের চাঁদাবাজ সিন্ডিকেটের মূল হোতা দীন মোহাম্মদ লিটন ও আলমগীরের মাধ্যমে ক্ষমতাসীন দল বি এন পি নেতাদের সাথে আঁতাত করে ভাগাভাগি করে চাদা তুলছে। চাদার একটি বড় অংশ বিদেশে চলে যাচ্ছে বলে জানা গেছে। গুলশানের ডি সি সি মার্কেটে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে বিদেশ থেকে।
চাঁদাবাজ সিন্ডিকেট বাসাবাড়ির ময়লা থেকে শুরু করে জুট ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।
১ নং গুলশানের ডিসিসি মার্কেটের আলমগীর ও লিটন মিয়ার চাঁদাবাজি ওপেন সিক্রেট। মার্কেটের বাইরে অন্ধকার জগতের সঙ্গে তাঁদের নিবিড় সম্পর্ক।
আওয়ামী লীগের ভূত এখন দীন মোহাম্মদের মাধ্যমে লিটন- আলমগীর তুলে দিয়েছে বি এন পি’ র ঘাড়ে।সে কারণে বি এন পি’ র সাধারণ কর্মীরা বিব্রত।ব্যবসায়িরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।
বি এন পি’ র হাই কমান্ড এ বিষয়ে জরুরি ব্যবস্হা গ্রহন না করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।